সৌদি আরবের বন্দর ও শিল্প নগরী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে সম্প্রতি কনসাল জেনারেল হিসেবে যোগদান করেছেন মিয়া মোহাম্মদ মাইনুল কবির। তিনি সাবেক কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকের স্থলাভিষিক্ত হলেন।
মাইনুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্যে পড়াশুনা করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
জেদ্দায় যোগদানের আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (মিয়ানমার শাখা) হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি দেশের বাইরে বাংলাদেশের একাধিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মিয়া মোহাম্মদ মাইনুল বিভিন্ন সময় প্রতিরক্ষা ও তথ্য মন্ত্রণালয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মেধাবী কর্মকর্তা হিসেবে তার সুখ্যাতি রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।








