ইন্দোনেশিয়ায় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন ছয় প্রতিযোগী, আয়োজকদের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে।
প্রতিযোগীদের আইনজীবী মেলিসা অ্যাংগেরাইনি জানিয়েছেন, আয়োজকদের হাতে হেনস্থার শিকার হয়েছেন প্রতিযোগীরা। তাদেরকে ‘টপলেস’ হতে বাধ্য করা হয়েছে। অন্তর্বাসে দাঁড় করিয়ে চলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। এরপর তাঁদেরকে ওই অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়। আইনজীবীর দাবি, এমন কোনও নিয়ম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নেই।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গত ২৯শে জুলাই থেকে ৩রা আগস্ট পর্যন্ত সে দেশের মিস ইউনিভার্স প্রতিযোগীদের বাছাই পর্ব চলেছে।
বিষয়টি নিয়ে মিস ইউনিভার্সের আয়োজকদের তরফ থেকে বিবৃতি দেয়া হয়েছে। মঙ্গলবার দেয়া সেই বিবৃতিতে জানানো হয়, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে তারা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যৌন হয়রানির অভিযোগ বা পক্ষপাতিত্বের অভিযোগকে খুব কড়াভাবে নেওয়া হয়। মিস ইউনিভার্সের মঞ্চ যাতে মেয়েদের জন্য সুরক্ষিত হয়, সেটা সুনিশ্চিত করা আয়োজকদের সবচেয়ে বড় দায়িত্ব ও লক্ষ্য।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন ওই ছয় প্রতিযোগী। পুলিশ তদন্ত শুরু করেছে।
এবছর জাকার্তার মেয়ে ফ্যাবিন্নে নিকোল গ্রোএনইভেন্ড এর মাথায় উঠেছে মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া ২০২৩-এর মুকুট। ১৮ই নভেম্বর অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ার প্রতিনিধিত্ব করবেন।
মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ার একাধিক ধর্মীয় সংগঠন আগেই সৌন্দর্য প্রতিযোগিতার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এই ঘটনার পর সেই বিরোধ আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়েটার্স







