আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। টাইগারদের জয়ের পথে অলরাউন্ড নৈপুন্যে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। হয়েছেন ম্যাচসেরা। জানিয়েছেন, ভালো পারফর্মের জন্য সর্বদা ক্ষুধার্ত থাকেন তিনি।
ধর্মশালায় টসে জিতে আফগানদের ব্যাটে পাঠিয়ে ১৫৬ রানে সবকটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। জবাবে নেমে ৩৪.৪ ওভার ব্যাট করে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সাকিব আল হাসানের দল।
আফগানদের বিধ্বস্ত করার নেতৃত্বে তিন উইকেট শিকার করেছেন মিরাজ। ফিরিয়েছেন হাসমতুল্লাহ শহিদী, রশিদ খান ও মুজিব উর রহমানকে। ৯ ওভার বল করে ২.৭৭ ইকোনমিতে রান খরচ করেছেন ২৫টি। সেখানে তিনটি মেডেনের পাশাপাশি মোট ৩৮টি বল ডট দিয়েছেন মিরাজ।
মিরাজ ব্যাটে আসেন বাংলাদেশের প্রথম উইকেট পতনের পর। ১৯ রানে তানজিদ হাসান তামিম ও ২৭ রানে লিটনের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তকে নিয়ে চাপ কাটিয়ে তোলেন মিরাজ। নেতৃত্ব দিয়ে জয়ের ভিত গড়ে দেন টাইগারদের। ৭৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন মিরাজ।
অলরাউন্ড নৈপুন্যে ম্যাচসেরা হয়েছেন টাইগার ডানহাতি অলরাউন্ডার। পুরস্কার বিতরণী মঞ্চে অবশ্য এমন অর্জনের কৃতিত্ব টিম ম্যানেজমেন্টকেই দিতে চাইলেন মিরাজ।
‘এটা আমার জন্য একটি দুর্দান্ত মুহূর্ত। অতীতে অনেক পরিশ্রম করেছি। এমন কৃতিত্বের দাবিদার টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ের সময় আমি সতর্ক ছিলাম, অধিনায়ক আমাকে সঠিক জায়গায় বল করতে বলেছিলেন এবং আমাকে ধারাবাহিক হতে বলেছিলেন। এটি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, তাই কৃতিত্বটি অবশ্য অধিনায়কের।
‘ব্যাটিংয়ে নেমে আমি বল বাই বল রান এবং প্রতিটি সারফেসে কিভাবে ভালো করা যায় সে চেষ্টা করেছিলাম। উইকেটে টার্ন ছিল খুব, কিন্তু আমি (ক্রিজে) থাকার চেষ্টা করেছি।’
‘আমি সবসময় আটে খেলি, টপ অর্ডারে ব্যাট করার দারুণ সুযোগ ছিল। আমি সর্বদা ক্ষুধার্ত থাকি, তাই অবশ্যই পারফর্ম করা আমার জন্য একটি দুর্দান্ত মুহূর্ত।’







