‘একটা ব্যাটারের জন্য সেঞ্চুরি মিস হলে অবশ্যই খারাপ লাগে। অবশ্যই খারাপ লাগছে। সবচেয়ে বড় কথা যে, সেঞ্চুরি মিস করার চেয়ে আমি যে পরিকল্পায় খেলছিলাম সেটা যদি পূরণ হতো তাহলে আরও ভালো লাগত। আমি সেঞ্চুরি নিয়ে চিন্তা করিনি। চিন্তা করছিলাম যে দলটাকে কোন জায়গায় নিয়ে যেতে পারি।’
সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট শেষে সংবাদ সম্মেলনে বলছিলেন মেহেদী হাসান মিরাজ। নিজের সেঞ্চুরির পাশাপাশি বাংলাদেশের ইনিংসটা যদি আরেকটু বড় করতে পারতেন, লড়াইয়ের পুঁজি পেতেন বোলাররা। সেটি না হওয়াতেই বেশি আফসোসে পুড়ছেন মিরাজ।
সকালে মিরাজ আউট হতেই বাংলাদেশের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ১০৬ রানের লক্ষ্য তাড়ায় সাউথ আফ্রিকা হারিয়েছে ৩ উইকেট। মিরপুর টেস্টে শুরুর দিন থেকে দাপট দেখানো প্রোটিয়ারা জিতেছে ৭ উইকেট। দ্রুত রান তুলে চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগে ২২ ওভার খেলে এইডেন মার্করামের দল পৌঁছায় বিজয়ের বন্দরে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ অক্টোবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি।
দুই ইনিংসে তাইজুলের স্পিন ভেলকি আর দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলীর জুটিতে প্রতিরোধ ছাড়া বাংলাদেশের প্রাপ্তির কিছু নেই মিরপুর টেস্টে। হারের পর প্রথম ইনিংসের ব্যর্থতা বড় হয়ে সামনে এসেছে। আরকিছু রান যোগ করা গেলে সাউথ আফ্রিকাকে কঠিন চ্যালেঞ্জে ফেলা অসম্ভব ছিল না।
কাছে গিয়েও টেস্ট ক্রিকেটে দ্বিতীয় শতরানের স্বাদ পাননি মিরাজ। নবম উইকেট পতনে সেঞ্চুরি নিয়ে শঙ্কা জাগলেও স্বপ্নের তিন অঙ্কের ঠিকানার কাছে গিয়ে মিরাজ নিজেই ভুল করে বসেন। ব্যক্তিগত ৯৭ রানে কাগিসো রাবাদার বলে স্লিপে মুল্ডারের হাতে ক্যাচ তুলে দেন। বাংলাদেশের ইনিংসও থামে তিনশ পেরিয়ে।








