টানা পাঁচ ম্যাচ জয়হীন ছিল বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি। ক্যানসাস স্পোর্টিং সিটির বিপক্ষে ৭০ হাজার দর্শকের সামনে সবশেষ ম্যাচে ঝলক দেখিয়েছেন মহাতারকা। মেসির ঝলকে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি।
গিহার অ্যারোহেড ফিল্ড স্টেডিয়ামে রেকর্ড দর্শকের সামনে টানা পাঁচ জয়হীন ম্যাচের পর নেমে ছয় মিনিটের মাথায় পিছিয়ে পড়ে মিয়ামি। ১৮ মিনিটে মেসির দারুণ অ্যাসিস্টে মিয়ামিকে সমতায় ফেরান ডিয়েগো গোমেজ।
পরে ৫১ মিনিটে মৌসুমে নিজের পঞ্চম গোলের দেখা পান ৩৬ বর্ষী মহাতারকা। ডি বক্সের অনেকটা বাইরে থেকে মেসি বাঁ-পায়ে দূরপাল্লার শট নেন এবং সেটি চোখ ধাঁধাঁনো একটি গোলে পরিণত হয়। ম্যাচে প্রথম এগিয়ে যায় হিরনরা।
খেলার ৫৮ মিনিটে ম্যাচে আবারও নাটকীয় মোড় নেয়। এ সময় স্পোর্টিং ক্যানসাস সিটি গোল করে সমতায় ফেরে। সেই সমতা বেশিক্ষণ থাকেনি। ৭১ মিনিটে প্রথমার্ধের গোলস্কোরার ডিয়েগে গোমেজের বাড়ানো বলে গোল করেন লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত ওই ব্যবধানে খেলা শেষ হয়, জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।







