মেট্রোরেলের ভাড়া কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ মঙ্গলবার মিরপুর-১০ স্টেশন পুনরায় চালু করার পর তিনি এসব তথ্য জানান।
ফাওজুল কবির বলেন, নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ ও খরচের টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পে দুর্নীতি নাকি অপচয়, সেটি চিহ্নিত করতে হবে।
উপদেষ্টা জানান, যেসব প্রকল্প বাস্তবায়ন হয়নি সেগুলোর রিভাইস হবে। সব বিভাগে হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে। আগামীর প্রকল্প সময়ের আগেই শেষ করতে হবে। সময় বেশি নেওয়া যাবে না। অপচয় রোধ করে করতে হবে।
উপদেষ্টা আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার ২ মাস ২৭ দিন পর যাত্রীসেবা দিতে চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। ক্ষতিগ্রস্ত স্টেশন মেরামতে ১ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে। মেট্রোরেলের সব স্টেশন মিলিয়ে আরও খরচ লাগবে ১৭ কোটি টাকা। মোট লাগবে ১৮ কোটি ৮৬ লাখ টাকা। তবে খরচের এই টাকা মেট্রো থেকেই নেওয়া হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপরই দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট ফের চালু হয় মেট্রোরেল। তবে বন্ধ রাখা হয় মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। এরও ২৬ দিন পর কাজীপাড়া স্টেশন চালু করা হয়। এই স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়।








