ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছিল লিওনেল মেসিদের ক্লাব ইন্টার মিয়ামি। সেই স্মৃতি ভুলে এবার জয়ে ফিরেছে মেজর লিগ সকারের দলটি, জয়ের নায়ক আবার কিংবদন্তি মেসি। জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
মন্ট্রিয়ালের ঘরের মাঠে শনিবার প্রায় ২০ হাজার দর্শকদের সামনে মন্ট্রিয়েলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে মিয়ামি। তবে ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না তাদের। দুই মিনিটের মধ্যেই মেসির একটি ভুল পাস কেড়ে নিয়ে প্রিন্স ওউসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়েল।
গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে মেসিবাহিনী। ৩৩ মিনিটে মেসির পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে। এরপর ৪০ মিনিটে মেসি নিজেই গোল করে দলকে এগিয়ে নেন। ডান দিক দিয়ে উঠে বক্সের মাঝামাঝি গিয়ে বাঁকানো শটে বল প্রতিপক্ষের জালে পাঠান আটবারের ব্যালন ডি’অরজয়ী।
দ্বিতীয়ার্ধে মিয়ামি তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ৬০ মিনিটে দূরপাল্লার শটে প্রতিপক্ষের জালে বল পাঠান তেলাস্কো সেগোভিয়া। এর দুই মিনিট পর মাঝমাঠ থেকে বল নিয়ে মন্ট্রিয়েলের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে বল জালে পাঠান বিশ্বকাপজয়ী। এমএলএসের চলতি মৌসুমে এ নিয়ে ১৪ ম্যাচে ১২ গোল করলেন মেসি।







