মোশাররফ হোসেন: কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার ১৭ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ১৯৮৯ সালে কমিশন লাভ করেন। সামরিক কর্মজীবনে তিনি সামরিক বাহিনীর স্টাফ কমান্ড হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
এর আগে মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টর স্টাফ হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি ১৯ পদাতিক ডিভিশনের জিওসি, ৪৪ এবং ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ছিলেন।
মেজর জেনারেল তারেক অ্যাংগোলা ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দ্বায়িত্ব পালনের জন্য স্বতন্ত্র সম্মাননা এবং সারা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জনের অনন্য সুযোগ পেয়েছেন। এরমধ্যে রয়েছে বাংলাদেশের মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ভারতের ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং পেনসিলভানিয়ায় ইউএস আর্মি ওয়ার কলেজ।







