চ্যাম্পিয়ন্স লিগে সেমিতে প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়াই করলেও জয় পায়নি পিএসজি। ১-০তে হারের পর এবার ফিরতি লেগে পিএসজি আতিথ্য দেবে বরুশিয়াকে। ফাইনালের টিকিট পেতে বরুশিয়ার বিপক্ষে পিএসজিকে একাধিক গোলের ব্যবধানে জিততে হবে। কাজটা ফরাসীদের জন্য কঠিন কিন্তু অসম্ভব নয়, এমন মনে করছেন দলের সেরা তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে।
পার্ক ডে প্রিন্সেসে মঙ্গলবার রাতে মুখোমুখি হবে পিএসজি ও বরুশিয়া। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু মাঠের লড়াই। এ ম্যাচে নির্ধারণ হবে ফাইনালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলবে কোন দল।
ম্যাচের আগে শিশুদের এক অনুষ্ঠানে এমবাপে বলেছেন, ‘আগের ম্যাচে আমাদের যে স্কোর ছিল, সেটি থেকে ফিরে আসতে আমরা আত্মবিশ্বাসী এবং ফাইনালে পৌঁছাব। এই ম্যাচে আমাদের অনেক বাড়তি চাপও রয়েছে, তবে এমন হওয়ারই কথা। কারণ এটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার লড়াই।’
চ্যাম্পিয়ন্স লিগ জেতা একমাত্র ফরাসি ক্লাব মার্শেই। সেই রেকর্ডে ভাগ বসাতে পিএসজির আজ প্রথম পদক্ষেপ। ম্যাচ ঘিরে যে চাপ থাকবে, সেটি স্বীকার করছেন ২৫ বর্ষী এমবাপে।
‘যখন এই টুর্নামেন্টে ক্লাবের ইতিহাস দেখবেন, সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ম্যাচের চাপ নিয়ে আমরা যথেষ্ট সচেতন, তবে শান্ত আছি। প্রায়ই বাচ্চাদের কাছ থেকে এধরনের সতর্কতা পাই। অনেক শুনেছি আপনাকে জিততে হবে। আসলে তারাই ঠিক, আমাদের জিততে হবে।’







