হলিউড তারকা ম্যাট ডেমনের ক্যারিয়ারে সফল ছবির তালিকা দীর্ঘ। তবে এই সাফল্যের মাঝেও একটি অপূর্ণতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সম্প্রতি ‘দ্য ওডিসি’-র প্রচারে ভারতে এসেছিলেন ম্যাট ডেমন। তখনই তার মনের অপূর্ণ ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।
ম্যাট ডেমন জানিয়েছেন তিনি পরিচালক শেখর কাপুরের সঙ্গে কাজ করতে চান। দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই আক্ষেপ এখনও মেটেনি। সেই ইচ্ছার কথা মন থেকে মুছে ফেলতে পারেননি অভিনেতা। বরং তার সাধ, সুযোগ পেলে শেখর কাপুরের ছবিতে অভিনয় করতে চান।
মুম্বাইয়ে গিয়ে ম্যাট জানান, অভিনয় জীবনের শুরুতে বিশ্বের বহু অভিনেতার মতো তিনিও শেখর কাপুরের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখতেন। সেই সময় শেখর কাপুর পরিচালিত ‘দ্য ফোর ফেদার্স’ ছবিতে অভিনয়ের সুযোগও এসেছিল তার কাছে। কিন্তু অন্য একটি ছবির শুটিংয়ের কারণে কাজটা হয়নি। অভিনেতার কথায়, ‘সুযোগ বারবার আসে। তখন সুযোগ পেয়েও হাতছাড়া হয়েছে। আজও সেই আক্ষেপ যায়নি।’
ডেমন জানান, সেই সময় তিনি ‘বোর্ন’ সিরিজের একটি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। শিডিউল মেলেনি বলেই ‘দ্য ফোর ফেদার্স’-এ অভিনয় করা সম্ভব হয়নি। সেই সুযোগ হাতছাড়া হওয়াকে তিনি এখনও নিজের ক্যারিয়ারের অন্যতম বড় আফসোস বলে মনে করেন। তার কথায়, ‘এটা প্রায় ২০ বছরের পুরনো একটা ঋণের মতো, যা এখনও আমার সঙ্গে রয়ে গেছে। সুযোগ পেলে অবশ্যই শেখর কাপুরের সঙ্গে কাজ করতে চাই।’
ম্যাট ডেমনের ইচ্ছার কথা জেনে আপ্লুত শেখরও। তিনি জানিয়েছেন, ম্যাটের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেলে তিনিও অত্যন্ত খুশি হবেন। এমনকি রসিকতার সুরে বলেন, ‘ওর সঙ্গে কাজ করার জন্য আমি আমার ডান হাতটাও দিতে রাজি।’







