পশ্চিমবঙ্গে ১৪ বছর পর কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অতিথির যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও চলতি মাসের শেষ দিকে ভারত সফরে যাবেন। তার কর্মসূচি মূলত দিল্লি-কেন্দ্রিক হওয়ার কথা রয়েছে। তবে তিনি কলকাতা সফরেও যাচ্ছেন বলে জানা গেছে। কলকাতায় নিযুক্ত মার্কিন দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
রুবিওর ভারত সফরসূচি এখনও বিস্তারিত জানানো হয়নি। তবে আগামী ২৪, ২৫ ও ২৬ মে তিনি ভারত সফরে থাকছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
দিল্লিতে তিনি একাধিক বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে। তার মধ্যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, কোয়াড (আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারত) গোষ্ঠীভুক্ত দেশগুলোর বিদেশমন্ত্রীদের সম্মেলন যোগ দেয়ার কথা রয়েছে।
কূটনীতিকদের মতে, রুবিওর এই ভারত সফর শুধু আঞ্চলিক স্তরে নয়, সারা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি সফরের মার্কো রুবিও এক বার কলকাতা ঘুরে যাবেন বলে মার্কিন সাংবাদমাধ্যম জানিয়েছে।
এর আগে ২০১২ সালের নভেম্বর মাসে শেষ বার কোনও মার্কিন বিদেশসচিব কলকাতা সফরে গিয়েছিলেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন। তৎকালীন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন কলকাতায় গিয়েছিলেন। সেসময় বড় একটি প্রতিনিধিদল সঙ্গে নিয়ে মহাকরণে গিয়ে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছিলেন। তখন, ভারত-বাংলাদেশের মধ্যে আটকে থাকা তিস্তা চুক্তি এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছিল। সেসময় হিলারি ক্লিন্টনের সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল বা কনসাল জেনারেল ডিন থম্পসন। আর মমতার সঙ্গে ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব সমর ঘোষ, স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়েরা। নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট বেশি চলেছিল সে বৈঠক।
হিলারি ক্লিন্টনের কলকাতা সফরের পর থেকে বিগত ১৪ বছরে আর কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তাকে পশ্চিমবঙ্গ সফরে যেতে দেখা যায়নি।


