মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের চারটি আসন পুনর্বহাল চেয়েছেন দুই জেলার মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া সীমানার দাবি ও আপত্তি নিয়ে তৃতীয় দিনের শুনানিতে অংশ নেওয়া প্রতিনিধিরা এ দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) তৃতীয় দিনের দুপুর পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জসহ ১৬টি জেলার শুনানি শেষ হয়।
শুনানিতে অংশ নেওয়া প্রতিনিধিরা বলেন, একটি করে আসন কমে আসায় জেলায় তুলনামূলক উন্নয়ন বঞ্চিত হয়েছেন তারা। এছাড়াও খসড়া তালিকায় গাজীপুরে একটি আসন বাড়ানোয় ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলার প্রতিনিধিরা।
নির্বাচন ভবনে সকাল ১০টায় শুরু হওয়া শুনানিতে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০টি আসনের মধ্যে ৪০টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি।








