চ্যাম্পিয়ন্স লিগে গত কয়েক মৌসুম ধরে ম্যানচেস্টার সিটির সঙ্গে নিয়মিত দেখা হচ্ছে রিয়াল মাদ্রিদের। শেষ চার মৌসুমে সবকটিতে মুখোমুখি হয়েছে তারা। রিয়াল-সিটির জমজমাট ম্যাচ যেন এখন ক্ল্যাসিকোয় পরিণত হয়েছে, বলছেন লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি।
প্লে-অফে প্রথম লেগে মঙ্গলবার রাতে কার্লো আনচেলত্তির দল রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই।
বিগত কয়েক মৌসুমে নকআউট পর্বেই একে অপরের সঙ্গে লড়াইয়ে নেমেছিল দুদল। ২০২২ ও ২০২৪ সালে আনচেলত্তির দল জিতলেও ২০২৩ মৌসুম রিয়ালকে বিদায় করেছিল পেপ গার্দিওলার দল। এবার নতুন নিয়মের টুর্নামেন্টের সেরা ষোলোতে পৌঁছানোর আগে প্লে-অফের নকআউটেই দেখা হয়ে গেল তাদের। দুদলের লড়াই শেষে বিদায় নেবে একদল।
স্পেনের লা লিগায় রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে মর্যাদার লড়াইকে বলা হয়ে থাকে ‘এল ক্ল্যাসিকো’। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়ালের মুখোমুখি হওয়াকেও ক্ল্যাসিকোর সঙ্গে তুলনা করলেন আনচেলত্তি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৬৫ বর্ষী ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘এটি (রিয়াল-ম্যানসিটি ম্যাচ) এখন ক্ল্যাসিকোর মতো মনে হচ্ছে, অনেক বছর ধরে আমারা এখন একে অপরের সঙ্গে নিয়মিত লড়াই করে চলেছি। আমি এখনও মনে করি সিটি ইউরোপের সেরা দলগুলোর মধ্যে একটি। এই প্রতিযোগিতায় সিটির সেরা কোচ (পেপ গার্দিওলা) রয়েছে। যে কারণ এটি সবচেয়ে কঠিন খেলাগুলোর মধ্যে একটি হয়। আমাদের ক্ষেত্রেও একই কথা, আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাই খেলতে চাই।’
‘সিটি সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী কারণ তারা এখন সেরা ম্যানেজারের অধীনে। এই দুদলের মধ্যে যে দল পরের রাউন্ডে যাবে এই প্রতিযোগিতায় তাদের অনেকদূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরগুলোতে যে দল এই ম্যাচ জিতেছে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।’







