চ্যানেল আইয়ের বিশেষ আড্ডা অনুষ্ঠান ‘কথা’। যেখানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে আলাপচারিতায় মেতে উঠেছেন ভারতীয় কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুর, মমতা শংকর ও স্বস্তিকা মুখার্জী।
এরমধ্যে ১৬ ফেব্রুয়ারি রাত ১০টায় ‘কথা’র বিশেষ আড্ডা অনুষ্ঠানটি দেখেছেন দর্শক। যেখানে অতিথি ছিলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সেই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে দশটায় দর্শক দেখতে পারবেন মমতা শংকরের সাথে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন নির্মাতা মেহজাদ গালিব।
অন্যদিকে রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় দর্শক দেখবেন ‘অপুর সংসার’ কিংবা ‘নায়ক’ এর মতো কালজয়ী ছবির অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সাথে আলাপচারিতা। যেখানে কালজয়ী এই অভিনেত্রীর সাথে খোলামেলা কথা বলেছেন দেশের গুণী অভিনেত্রী, নির্মাতা আফসানা মিমি।







