মোহাম্মদ মাহামুদুল: বন্যাকবলিত মানুষের সহযোগিতায় দাঁড়িয়েছেন মালদ্বীপের সংবাদকর্মীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বন্যার্তদের সহায়তার জন্য নগদ অর্থ এনবিএল মানি ট্রান্সফার লিমিটেড মালদ্বীপ শাখার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে জমা দেয়া হয়েছে।
সংবাদকর্মী আবদুল্লাহ কাদের ও মনিরুজ্জামান মনির আর্থিক অনুদানের ট্রান্সপার স্লিপ তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের (শ্রম) কাউন্সেলর মো. সোহেল পারভেজ এর হাতে।
এ সময় উপস্থিত ছিলেন সংবাদকর্মী মো. এমরান হোসেন তালুকদার, মো. ওমর ফারুক খোন্দকার, রবিউল আলম প্রমুখ।
আর্থিক অনুদানের স্লিপ গ্রহণ করে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য মালদ্বীপে সাংবাদিকদের ধন্যবাদ জানান মিশনের (শ্রম) কাউন্সেলর মো. সোহেল পারভেজ। একইসাথে মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশ গঠনের জন্য ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা নতুন প্রজন্মকে একটি সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ উপহার দিতে পারবো।







