ভারতের মধ্যপ্রদেশে গত তিন বছরে ৩১ হাজারেরও বেশি নারী ও মেয়ে নিখোঁজ হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, ২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই নিখোঁজের ঘটনা ঘটে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের এক প্রশ্নের জবাবে রাজ্যটির বিধানসভায় এই তথ্য প্রকাশ করা হয়।
তথ্য অনুসারে, মধ্যপ্রদেশে প্রতিদিন গড়ে ২৮ জন মহিলা এবং তিনজন মেয়ে নিখোঁজ হয়। উদ্বেগজনক হারে এত নারী নিখোঁজ হলেও আনুষ্ঠানিকভাবে মাত্র ৭২৪টি নিখোঁজের মামলা নথিভুক্ত করা হয়েছে। রাজ্যের উজ্জয়িনে গত ৩৪ মাসে ৬৭৬ জন নারী নিখোঁজ হয়েছেন অথচ এখনও একটি মামলা নথিভুক্ত করা হয়নি।
সাগর জেলায় সবচেয়ে বেশি সংখ্যক মেয়ে নিখোঁজ হয়েছে। ইন্দোরে ২ হাজার ৩৮৪ জন জন নারী নিখোঁজ হয়েছেন। অঞ্চলটিতে ৪৭৯ জন নারী গত এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন, তবে মাত্র ১৫ টি মামলা নথিভুক্ত করা হয়েছে।







