রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্টিত হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ নামাযে অংশগ্রহণ করেন।
সোমবার ১৭ জুন সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।
এর আগে ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয় হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রধান ঈদ জামাতকে ঘিরে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করে আইন-শৃঙ্খলা বাহিনী।
এদিকে, প্রতি বছরের মত দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন করা হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। সকাল ৯টায় এ জামাতে ইমামতি করবেন জেলা শহরের বড় বাজার মসজিদের ইমাম মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ।
ঈদের এই জামাতে যাতায়াতের সুবিধার জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।








