টানা চতুর্থবারের মতো বাড়ল এলপিজির দাম

বাজারে বিভিন্ন আকারের গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে, যার মূল্য বৃদ্ধি পেয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভোক্তা পর্যায়ে আবারও বেড়েছে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দিয়েছে। আজ সন্ধ্যা থেকে এই দাম কার্যকর হবে।
ঘোষণায় বলা হয়েছে: বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকায় ৪৯ পয়সায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের মূল্য প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৮৪ পয়সা।
এ নিয়ে টানা চার বাড়লো এলপিজি গ্যাসের দাম। গত ২ সেপ্টেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সেসময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।






