২৬ জুন ভারতের নতুন লোকসভার স্পিকার নির্বাচন। এবার স্পিকার পদ নিয়ে নরেন্দ্র মোদির দল বিজেপি’র নেতৃত্বাধীন জোট এনডিএ শিবিরে বেশ চর্চা চলছে। বিজেপি নিজের কাছেই এই পদ রাখতে চাইছে। অন্যদিকে, বিরোধী জোট এই পদ নিয়ে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইনস্ক্রিপ্ট জানিয়েছে, আজ ১৮ জুন বুধবার ভারতের নতুন লোকসভার স্পিকার পদের প্রার্থী নির্ণয়ের জন্য বৈঠকে বসেছে নরেন্দ্র মোদির দল বিজেপি। যদিও এখন পর্যন্ত তাদের প্রার্থীর নাম প্রকাশ করেনি দলটি।
স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত কখনও লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি হয়নি। সবসময় সর্বসম্মতভাবেই লোকসভার স্পিকারকে বেছে নিয়েছে সংসদ। তবে এবার সেই ঘটনার ব্যতিক্রম হলেও হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞরা। তাই বিজেপি’র জন্য প্রার্থী চূড়ান্ত করাটা হবে চ্যালেঞ্জের।
যতদূর জানা যাচ্ছে, লোকসভার স্পিকারের পদ নিজেদের কাছেই রাখতে চাইছে বিজেপি। আর ডেপুটি স্পিকারের পদ দিতে চাইছে এনডিএ শরিকদলকে। এ নিয়ে শরিক দল ও বিরোধীদলগুলির সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য দলের হাইকমান্ড দায়িত্ব দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে।
সব ঠিক থাকলে আগামী ২৪ জুন থেকেই লোকসভার বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। যা চলবে ৩ জুলাই পর্যন্ত। তার মধ্যে ২৪ ও ২৫ জুন নতুন সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। ২৬ জুন লোকসভার স্পিকার বেছে নেওয়ার জন্য নির্বাচন হতে পারে, যদি সর্বসম্মত ভাবে স্পিকার বেছে নিতে রাজি না থাকে জোট ইন্ডিয়া।








