বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির ২০২৩ সালের নির্বাচনের ফল বাতিল ঘোষণা করে আহ্ববায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের কেন্দ্রীয় গ্যালারিতে বোটানিক্যাল সোসাইটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৩ সালের নির্বাচনে চরম অনিয়ম, জালিয়াতি ও কারচুপির অভিযোগে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির ওই নির্বাচনের ফল অগ্রহণযোগ্য ও বাতিল বলে ঘোষণা করা হয়। একই সাথে গত মে ১১ অসাংবিধানিক অনলাইন এজিএম এর মাধ্যমে এজেন্ডা বহির্ভূতভাবে ঘোষিত কমিটিকে অবৈধ বলে সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সাধারণ সভায় অধ্যাপক ড. রাখহরি সরকারকে আহ্ববায়ক করে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি পরিচালনার জন্য ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সাধারণ সভার সিদ্ধান্ত অনুসারে এই আহ্বায়ক কমিটি সোসাইটির কার্যালয়, স্থাবর/ অস্থাবর সম্পদ, ব্যবস্থাপনা, সোসাইটির জার্নাল ও উদ্ভিদ বার্তা প্রকাশ, অর্থাৎ এই আহ্বায়ক কমিটি নিয়মিত কমিটির অনুরূপ সকল দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।
কমিটির অন্য সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাবেক শিক্ষা সচিব এন আই খান, অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার, অধ্যাপক ড শহিদুল আলম, অধ্যাপক ড অনিমেষ বিশ্বাস প্রমুখ।







