বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাবেক ওপেনার তামিম ইকবাল লিজেন্ড নাইন্টি লিগে খেলবেন। তারা লিগের দুটি ভিন্ন দলে খেলবেন। বিভিন্ন দেশের সাবেক খেলোয়াড়দের নিয়ে লিগটি হতে চলেছে। ভারতের রায়পুরে ৯০ বলের আসর বসবে ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে।
লিজেন্ড নাইন্টি লিগে ৭ দল অংশ নেবে। সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। বাংলাদেশের আরেক কিংবদন্তি তামিম খেলবেন বিগ বয়েজ দলে। লিজেন্ড লিগের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিমের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভিডিওতে তামিম ইকবাল বলেছেন, ‘আমি লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি বলে রোমাঞ্চিত। আমি খেলব বিগ বয়েজের হয়ে। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি রায়পুরে আমাকে এবং অন্যান্য ক্রিকেট কিংবদন্তিদের সরাসরি খেলা দেখুন। দেখা হবে রায়পুরে!’








