আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র আখেরি চাহার সোম্বা। হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবারকে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়। বাংলাদেশেও দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে থাকে।
আজ (১২ আগস্ট) বুধবার আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। ফারসি ‘আখেরি চাহার সোম্বা’ শব্দের অর্থ ‘শেষ বুধবার’। মহানবী (সা.) এর সুস্থতার স্মরণে দিনটিকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে দান-খয়রাত ও নফল ইবাদতের প্রচলন রয়েছে।
ইসলামি ঐতিহ্য অনুযায়ী, ২৩ হিজরির শুরুতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা ক্রমে গুরুতর আকার ধারণ করায় একপর্যায়ে তিনি নামাজে ইমামতি করতেও সক্ষম ছিলেন না। পরে ২৮ সফর তিনি কিছুটা সুস্থবোধ করেন এবং শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন।
মহানবী (সা.)-এর সুস্থতার খবরে সাহাবিরা আনন্দিত হন এবং তার সুস্থতা উপলক্ষে বিপুল পরিমাণ দান-খয়রাত করেন বলে ইসলামি ইতিহাসে উল্লেখ রয়েছে। তবে পরদিনই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এর প্রায় ১৫ দিন পর ১২ রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন।







