টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারা ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন বাবর আজম। বিরাট কোহলিকে ছাড়িয়ে টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন পাকিস্তান অধিনায়ক।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে মহাতারকা কোহলির চেয়ে ১৬ রান কম ছিল বাবরের। বিশ্বকাপের সহযোগী আয়োজকদের বিপক্ষে ৪৩ বলে ৪৪ রান করেন ২৯ বর্ষী টপঅর্ডার তারকা। ছাড়িয়ে যান কোহলিকে। ১১৩ ইনিংসে বাবরের রান এখন ৪,০৬৭। ৩টি সেঞ্চুরির পাশে ফিফটি আছে ৩৬টি।
টি-টুয়েন্টিতে ১১০ ইনিংসে ৪,০৩৮ রান নিয়ে এতদিন চূড়ায় ছিলেন ৩৫ বর্ষী কোহলি। একটি সেঞ্চুরি ও ৩৭টি ফিফটিতে এ রান করেছেন ভারতের টপঅর্ডার ব্যাটার।
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান তোলে বাবরের দল। জবাবে নেমে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩ উইকেটে ১৫৯ রান স্পর্শ করে যুক্তরাষ্ট্র। টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে ১ উইকেটে ১৮ রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তান ১ উইকেটে ১৩ রানে থামে।








