বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা সবার জন্যই উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই তার চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, জাতীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং পুরো জাতির জন্যই উদ্বেগের।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ বেগম খালেদা জিয়া। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার এবং রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা বিবেচনায় নিয়ে সরকার তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তার পরিবারের মতামতকে সম্মান জানিয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে। দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।
প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, সরকার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধের জায়গা থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।







