কেরাণীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য রক্তের গ্রুপ নির্ণয় কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করছে ‘কেরাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব’।
উপজেলায় সরকার নিবন্ধিত একমাত্র স্বেচ্ছারক্তদানের এই সংগঠনটি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় গিয়ে গিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের এমন সহযোগিতা দিয়ে আসছে।
অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য রক্তের গ্রুপ জানা দরকার হওয়ায় বিপাকে পড়েন অভিভাবকেরা। তাদের বিভিন্ন জায়গায় গিয়ে টাকা দিয়ে রক্তের গ্রুপ জানতে হচ্ছিল। তখন কেরাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব বিদ্যালয়ে বিদ্যালয়ে গিয়ে বিনামূল্যে যে সেবা দিচ্ছে, তাতে অর্থের বিনিময়ে বাইরে গিয়ে রক্ত পরীক্ষার ভোগান্তি কমেছে।
সংগঠনটি তাদের ফেসবুক গ্রুপে উপজেলার সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যের রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়ার ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন স্কুলে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
শাক্তা ইউনিয়নের কালুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরী পারভীন চৌধুরি জানান, সংগঠনটি বিদ্যালয়ে গিয়ে গিয়ে যে সেবা দিচ্ছে, তাতে সরকার ঘোষিত শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রোফাইল তৈরির কাজটি আমাদের জন্য সহজ হচ্ছে। এতদিন শিক্ষার্থী ও অভিভাবকদের বারবার বলার পরও রক্তের গ্রুপ জানতে অনেক সমস্যা ও সময় লাগছিল। এখন পুরো স্কুলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ একদিনেই জানতে পারছি।
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, পাঁচ বছর বয়সী প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী থেকে ১৭ বছর বয়সের দ্বাদশ শ্রেণির সব ছাত্রছাত্রী পাবে এই ইউনিক আইডি। এই আইডিতে একটি শনাক্ত নম্বর থাকবে, যা পরবর্তী সময়ে ওই শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর হবে। জাতীয় পরিচয়পত্র তৈরিতে আলাদা করে তথ্য সংগ্রহের প্রয়োজন হবে না। আর এ কারণে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ লাগছে এবং উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কেরাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব এই ব্যাপারে দারুণ সহযোগিতা করে যাচ্ছে।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা শাহাদাত হোসেন বলেন, আমরা উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের তালিকা করে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানিয়ে দিচ্ছি এবং শিক্ষার্থীদের হাতে নিজ নিজ রক্তের গ্রুপ সম্বলিত কার্ডও তুলে দিচ্ছি।
তিনি আরও বলেন, কেরাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব এই পর্যন্ত ৫০টি ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১৭ হাজার জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে দিয়েছে। গ্রামভিত্তিক বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে হাজারও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছে। এছাড়া প্রতিবছর ২ থেকে আড়াই হাজার ব্যাগ রক্ত সরবরাহ করছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।







