২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির প্রসঙ্গ উঠলেই বিদ্যা বালনের সেই ভয়ঙ্কর রূপের কথা মনে পড়বেই। তার অসাধারণ অভিনয় ছিল ‘ভুলভুলাইয়া’ ছবিটির তুমুল জনপ্রিয়তার কারণ। ‘ভুলভুলাইয়া টু’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু। তবে মঞ্জুলিকার চরিত্রে দর্শকের প্রথম পছন্দ বিদ্যাই। তাই ‘ভুলভুলাইয়া থ্রি’-তে বিদ্যাকেই ফিরিয়ে আনছেন পরিচালক অনীশ বাজমি।
‘ভুলভুলাইয়া থ্রি’ ছবিতে বিদ্যা বালনের থাকার খবরটি দেন ছবির ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ান নিজেই। নতুন ছবিতে বিদ্যা বালানকে ফিরিয়ে আনা হবে তার জনপ্রিয় মঞ্জুলিকা চরিত্রে। কার্তিক আরিয়ান ইনস্টাগ্রামে ‘মেরে ঢোলনা’ গানের ভিডিও শেয়ার করে বিদ্যাকে স্বাগত জানান।
জানা গেছে শিগগির শুরু হবে ‘ভুলভুলাইয়া থ্রি’ ছবির শুটিং। কলকাতার বেশ কিছু জায়গায় শুটিং হবে এই ছবির। শোনা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া থ্রি’-তে দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন শিল্পীকে।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া।’ যেখানে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভূতুড়ে’ রোগ সারাতে পুরোনো এক বাড়িতে গিয়ে নানা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে দেখা যায় অক্ষয়কে। ২০২২ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘ভুলভুলাইয়া টু।’ এতে অভিনয় করেছেন কার্তিক, কিয়ারা ও টাবু।
সূত্র: হিন্দুস্তান টাইমস







