কন্নড় সিনেমা ‘কানতারা’র বাজেট ছিল মাত্র ১৬ কোটি রুপি। এত কম বাজেটে তৈরি এই সিনেমাটি আয় করেছে ৪১০ কোটি রুপির বেশি। তাই সিকুয়েল নিয়ে প্রত্যাশা অনেক বেশি দর্শকের। আর সেই প্রত্যাশা পূরণের চেষ্টায় ‘কানতারা টু’ নির্মাণের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে আগের ছবির তুলনায় বহুগুণ বেশি।
‘কানতারা টু’-এর শুটিং এখনও শুরু হয়নি। তার আগেই বাজেটের কারণে আলোচনায় সিকুয়েলটি। ‘কানতারা টু’-এর বাজেট ধরা হয়েছে ১২৫ কোটি রুপি, যা প্রথম ছবির বাজেটের তুলনায় ৬৮১ শতাংশ বেশি!
‘কানতারা’র মতোই ‘কানতারা টু’-এর চিত্রনাট্য ও পরিচালনাতে আছেন রিশভ শেঠি। এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিশভ জানিয়েছিলেন, ‘কানতারা টু’ আসলে সিকুয়েল নয়, বরং প্রিক্যুয়েল। কর্ণাটকের চলিত লোকপুরাণের প্রেক্ষাপটে লেখা হচ্ছে ‘কানতারা টু’ ছবির চিত্রনাট্য। ‘কানতারা টু’-তে ‘কানতারা’র গল্পের আগের ঘটনা দেখানো হবে।
‘কানতারা’র গল্প শুরু হয় এক বিত্তশালী রাজার শান্তি খোঁজা থেকে। গল্প এসে শেষ হয় মানুষ ও প্রকৃতির লড়াইয়ে। আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে ‘কানতারা টু।’
সূত্র: কইমই







