২০১৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। টাইগ্রেস জার্সিতে এপর্যন্ত ৯৯ ম্যাচ খেলেছেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার। টি-টুয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচটা সাদা বলের এ ফরম্যাটে জ্যোতির শততম হতে চলেছে। মাইলফলকের ম্যাচে দেশের জয়ে অবদান রেখে স্মরণীয় করে রাখতে চান টাইগ্রেস তারকা।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলেছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজায় বাংলাদেশ সময় বিকেল চারটায় গড়াবে লড়াই। আগেরদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় এমন জানিয়েছেন জ্যোতি।
‘এটা অন্যরকম অনুভূতি। শততম ম্যাচ খেলার অনুভূতিটা অন্যরকম। অনেকবেশি খুশি, অনেক সময় আবার অবাকও লাগে এই ক্যারিয়ার শুরু করেছি দেখতে দেখতে ১০০টা ম্যাচ হয়ে যাচ্ছে। যদি সুস্থ থাকি আগামীকাল সেটা হবে। সেদিক থেকে আমি অনেকবেশি আনন্দিত। সবচেয়ে বেশি খুশি হবো, যদি শততম ম্যাচে বাংলাদেশের জয়ে কোনো অবদান রাখতে পারি। সেটা হবে আমার জন্য সবচেয়ে বেশি স্মরণীয়।’
প্রায় নয় বছরের ক্যারিয়ারে ৯৯ ম্যাচে জ্যোতি ১,৯৪৪ রান করেছেন। নব্বইয়ের বেশি স্ট্রাইকরেটে একটি সেঞ্চুরি ও আটটি ফিফটি রয়েছে তার। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১১৩ রান, ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে।
উইকেটের পেছনে দাঁড়িয়েও বেশ নির্ভার জ্যোতি। ৬১টি উইকেটে সরাসরি অবদান রেখেছেন। যার মধ্যে ২১টি ক্যাচ নিয়েছেন এবং ৪০টি স্টম্পড করেছেন।







