বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে। এর সমর্থনে জেলার বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার সকালে কিশোরগঞ্জ শহরে মিছিল করে জেলা ছাত্রদল। মিছিলটি শহরের গৌরাঙ্গ বাজার থেকে শুরু হয়ে পুরান থানা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজীব।
অপরদিকে সকাল ৭ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বেইলী ব্রিজ এলাকায় অবরোধের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে মিছিল বের করে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোশতাক আহমেদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে সটকে পড়ে অবরোধকারীরা।
এছাড়া, জোলার বেশকিছু স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করেন নেতাকর্মীরা।
অবরোধে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবনে অবরোধে তেমন কোন প্রভাব না পড়লেও দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। চলাচল করছে ছোট ছোট যানবাহন।








