সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের সর্বোচ্চ শাস্তি চায় ডিবিএসএফ

নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ ও শোক প্রকাশের ছবি, যেখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ)।
শুক্রবার ১৬ জুন ডিবিএসএফ’র সভাপতি আহসান কামরুল ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে ডিবিএসএফ নেতৃবৃন্দ বলেন, বিগত দিনে অনেক সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও খুনের শিকার হলেও বেশিরভাগ ক্ষেত্রে বিচার না হওয়ায় এ ধরনের দুঃসাহস দিন দিন বাড়ছে। এজন্যই খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একইসাথে মামলা-হামলা ও খুনের শিকার সব সাংবাদিকের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
বুধবার ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় ১০-১২ জন সন্ত্রাসী সাংবাদিক নাদিমকে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
ডিবিএসএফ নেতৃবৃন্দ সাংবাদিক নাদিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।






