চ্যানেল আইয়ে কালজয়ী ‘জীবন থেকে নেয়া’র নেপথ্যের গল্প

ছবিতে বিভিন্ন মানুষের ছবি ও জীবন থেকে নেয়া ছবি দেখানো হয়েছে, যা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘একটি দেশ। একটি সংসার। একটি চাবির গোছা। একটি আন্দোলন।’- কালজয়ী ও ঐতিহাসিক ছবি ‘জীবন থেকে নেয়া’র পোস্টারে এমন লেখাই ছিলো।
এমনটা দেখে কেউ কেউ মনে করতে পারেন, বাঙালি মধ্যবিত্ত পরিবারের কোনো সাদামাটা একটি গল্পকে কিংবদন্তী নির্মাতা জহির রায়হান তার চলচ্চিত্রে তুলে ধরেছেন! কিন্তু আসলে কি তাই?
সিনেমাটি ছিলো পারিবারিক গল্পের আবহে রাষ্ট্রের অধিকার আদায়ের গল্প। স্বাধিকার আদায়ের গল্প। আরো খোলাসা করে বললে, মুক্তিযুদ্ধের পটভূমির গল্প। যেখানে স্বৈরশাসকের ভূমিকায় দেখানো হয়েছে প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী রওশন জামিলকে।
জহির রায়হান নির্মিত কালজয়ী এই ছবিটি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২০ ফেব্রুয়ারি) সম্প্রচার করবে চ্যানেল আই। তার আগে দর্শক দেখতে পারবেন ছবির নেপথ্যের গল্প।
জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ সিনেমার প্রদর্শন নিয়ে এদিন বিকেল ২টা ৪০ মিনিটে প্রচার হবে এ সিনেমার উপর নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘নেপথ্যের গল্প’। আবদুর রহমানের উপস্থাপনায় এ বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছে চীন্ময় মুৎসুদ্দী। এরপর বিকেল ৩.০৫ মিনিটে দেখানো হবে জহির রায়হানের কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া’।
ছবির কাহিনি লিখেছেন যৌথভাবে আমজাদ হোসেন ও জহির রায়হান। চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন জহির রায়হান।
ছবিতে মূল চরিত্রে রওশন জামিল ছাড়াও অভিনয় করেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, আনোয়ার হোসেন, খান আতাউর রহমান, আমজাদ হোসেন, শওকত আকবর, বেবি জামান প্রমুখ। ছবির বেশির ভাগ গানের সুরকার খান আতাউর রহমান। ১৯৭০ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।






