ভারত সফরে প্রথম টেস্টে শুরুর দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সাউথ আফ্রিকা। স্বাগতিক বোলারদের তাণ্ডবে দেড়শ পেরিয়ে থেমেছে সফরকারীদের প্রথম ইনিংস। ৫ উইকেট নিয়েছেন পেসার জাসপ্রীত বুমরাহ। টেস্টে ১৫তম বার পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি।
কলকাতার ইডেন গার্ডেনসে টসে হেরে প্রোটিয়ারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ৫৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৯ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা।
বুমরাহ ৫ উইকেটের দিনে মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব নেন ২টি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল।
প্রোটিয়া দুই ওপেনারকে সাজঘরে ফেরান বুমরাহ। ৫৭ রানের জুটি ভাঙেন এইডেন মার্কারাম ৫ চার ও এক ছক্কায় ৩১ রানে আউট হন। ২২ বলে ২৩ রান করে দলীয় সংগ্রহ যখন ৬২, ও রায়ান রিকেলটনকে ফেরান তিনি।
অধিনায়ক টেম্বা বাভুমা ব্যর্থ হন। ১১ বলে ৩ রান তুলে ফেরেন। তাকে ফেরান স্পিনার কুলদীপ যাদব। ইয়ান মুল্ডার ও টনি ডি জর্জি সমান ২৪ রান করে আউট হন। বাকি সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
শেষ সেশনে ভারত প্রথম ইনিংসে ব্যাটিং করছে। ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে স্বাগতিকরা।







