এএফসি এশিয়ান কাপে প্রথম দুই ম্যাচে একটিতে ড্র ও অন্যটিতে হারের মুখ দেখেছে বাংলাদেশ। জামাল ভুঁইয়া-হামজা চৌধুরীদের পরের ম্যাচ হংকংয়ের মাঠে। ঘুরে দাঁড়ানোর ম্যাচ সামনে রেখে নেপালের সঙ্গে খেলে প্রস্তুতি সারবে লাল-সবুজের দল। হংকংয়ের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল পিছিয়ে থাকলেও প্রস্তুতির জন্য আদর্শই মনে করছেন জামাল। দেশের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করতে এসে জানালেন বাংলাদেশ অধিনায়ক।
সোমবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সেরে জামাল বললেন, ‘এখানে এসে বেশ ভালো লাগছে। আমি খুব উচ্ছ্বসিত। আমি তো মনে করেছিলাম শুধু সাক্ষর করে চলে যাব, কিন্তু বুঝতে পারিনি যে এখানেও আমার ভক্ত-সমর্থকরা আছেন এবং আমাকে তারা দারুণভাবে গ্রহণ করেছেন।’
পরে খেলার প্রসঙ্গ উঠলে বললেন, ‘নেপালের ম্যাচ অবশ্যই একটি প্রস্তুতিমূলক ম্যাচ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে হংকংয়ের সঙ্গে এবং ভারতের সঙ্গে। তবে নেপালের সঙ্গে দুই ম্যাচও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভারতের সঙ্গে ড্র করছি। ভারতও আমাদের চেয়ে অনেক এগিয়ে। এখানে আসলে র্যাঙ্কিং দিয়ে হিসাব করতে পারেন না। তাই দেখা যাক কী হয়।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪তম। ১৩৩তম দল ভারতের সঙ্গে ড্র করেছেন জামাল-হামজারা, সেদিক থেকে ভারতের চেয়ে হংকং ১৪ ধাপ পিছিয়ে ১৪৭তে আছে। অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ঘরে ও বাইরে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এদিকে কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর হবে নেপালের সঙ্গে বাংলাদেশের প্রীতি ম্যাচ দুটি। ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল আছে ১৭৬তম স্থানে।








