বিশ্বকাপ ও দুইবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি রোনালদিনহো আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সফরে আসছেন। ব্রাজিলিয়ান সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ ও মালদ্বীপের প্রথম রাউন্ডের ফিরতি ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে উঠে এলো রোনালদিনহোর প্রসঙ্গটিও।
সেলেসাওদের ৪৩ বর্ষী সাবেক ফুটবলারকে নিজের আদর্শ হিসেবেই মানেন জমাল। বললেন, ব্রাজিলিয়ান তারকার সঙ্গে দেখা হওয়াটা নিজের জন্য বড় মুহূর্ত হবে।
বাছাইপর্বের ম্যাচ খেলে আবারও আর্জেন্টিনার তৃতীয় স্তরের পেশাদার লিগ টর্নিও ফেডারেল এ-তে সোল ডে মায়োর হয়ে খেলতে দেশ ছাড়বেন লাল-সবুজের দলের অধিনায়ক। তবে রোনালদিনহোর সঙ্গে সাক্ষাৎ হবে বলেই নিশ্চিত করলেন জামাল।
‘আমি ২০ তারিখ চলে যাবো। ১৮ তারিখ ফ্রি আছি। উনি আমাকে ফোন দিয়েছেন। আমার সাথে আর সালাউদ্দিন ভাইয়ের সাথে দেখা করতে চেয়েছেন। আমি নিজে যাদের আদর্শ মানি, তাদের একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। যখন আমি ২০২২ বিশ্বকাপ দেখলাম, তখন থেকেই তাকে ভালোবাসি। অবশ্যই বড় মুহূর্ত। তবে এটা নিয়ে নয়, কালকের ম্যাচ নিয়ে ফোকাস করছি।’
রোনালদিনহোকে ঢাকায় আনার ব্যবস্থা করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
সেলেসাও জার্সিতে রোনালদিনহো ৩৩ গোল করেছিলেন। বার্সেলোনা, পিএসজি, এসি মিলান এবং ফ্লেমেঙ্গোর মতো ক্লাবে খেলেছেন। মিডফিল্ড তারকা ২০০২ বিশ্বকাপের কোয়ার্টারে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রি-কিক থেকে অবিশ্বাস্য এক গোল করেছিলেন। যেটিকে বিশ্বকাপের ইতিহাসে সেরা গোলগুলোর একটি বিবেচনা করা হয়!







