ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া সিরিজে আইরিশ মেয়েদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
রোববার সিরিজের দিনক্ষণ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে গড়াবে ম্যাচগুলো।
সিরিজ সামনে রেখে আগামী ২২ নভেম্বর ঢাকায় আসবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ২৭ নভেম্বর মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর সিরিজের বাকী দুটি ম্যাচে নামবে দুদল। মিরপুরে তিনটি ম্যাচেই গড়াবে সকাল দশটায়।
ওয়ানডে সিরিজ শেষে সিলেটে যাবে দুদল। ৫ ডিসেম্বর প্রথম টি-টুয়েন্টি খেলবে জ্যোতিরা। ৭ ডিসেম্বর এবং ৯ ডিসেম্বর বাকী দুটি ম্যাচ গড়াবে। সিলেটে তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।







