মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে নিজস্ব ১০ দফা পরিকল্পনা উপস্থাপন করেছে ইরান। এতে যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ীভাবে যুদ্ধের অবসানের ওপর জোর দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাবের জবাবে ইরান তাদের এই পরিকল্পনা তুলে ধরে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের প্রস্তাবিত ১০ দফার মধ্যে উল্লেখযোগ্য হলো, দেশটির ওপর ভবিষ্যতে কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা, শুধু যুদ্ধবিরতি নয় বরং যুদ্ধের স্থায়ী অবসান, ইসরায়েলের লেবাননে হামলা বন্ধ, যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সংঘাতের অবসান।
এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া, হরমুজ প্রণালি ব্যবহারকারী প্রতিটি জাহাজের ওপর ২০ লাখ ডলার শুল্ক আরোপ এবং তা ওমানের সঙ্গে ভাগাভাগির কথাও উল্লেখ করেছে তেহরান। এই শুল্ক থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠনে ব্যয় করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার নির্ধারিত সময়সীমা বহাল রাখার কথা জানিয়েছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে এবং চুক্তিতে পৌঁছানো না গেলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের উপ-ক্রীড়ামন্ত্রী আলিরেজা রাহিমি দেশজুড়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে মানববন্ধন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তার মতে, বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধের শামিল।







