ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’ নির্মাণ করে গেল বছর বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন এমডি ইকবাল। তারকাবহুল এই ছবিটি নিয়ে তিনি বলেছিলেন,‘এ ধরনের ছবি বাংলাদেশে এর আগে কখনো তৈরী হয়নি’। ছবিটি নিয়ে একাধিকবার চ্যালেঞ্জও ছুড়েছেন তিনি।
‘ওপেন চ্যালেঞ্জ’ ছুড়ে ইকবাল বলেছিলেন ‘ছবিটি দেখে কোনো দর্শকের যদি ভালো না লাগে তবে তিনি আর সিনেমা বানাবেন না’। গেল বছরে বড়পর্দার পর সেই ‘ডেডবডি’ এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে ছোটপর্দায়।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদুল ফিতরের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ‘ডেডবডি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।
‘ডেডবডি’তে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার অনন্যাসহ অনেকেই।








