জয়পুরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রাজস্থান রয়্যালস ওপেনার জশভী জয়সওয়াল। তার ৪৩ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে ২০২ রানের সংগ্রহ পায় সাঞ্জু স্যামসনের দল। পরে বল হাতে দাপট দেখান অ্যাডাম জাম্পা। ৩ ওভার বল করে ২২ রান খরচায় নেন ৩ উইকেট। টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে রাজস্থান। চেন্নাই সুপার কিংসকে ৩২ রানে হারিয়ে জায়গা করে নিয়েছে টেবিলের শীর্ষে।
ঘরের মাঠে টস জিতে আগে ব্যাট করে রাজস্থান। জয়সওয়ালের ৭৭ রানের পর ধ্রুব জুরেলের ১৫ বলে ৩৪ রানের ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে সংগ্রহ করে ২০২ রান। জবাবে নেমে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করতে পারে চেন্নাই। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে ফিরল রাজস্থান। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে তিনে চেন্নাই।
ব্যাটে নেমে উড়ন্ত সূচনা পায় রাজস্থান। প্রথম উইকেট জুটিতে আসে ৮৬ রান। ৮.২ ওভারে ২১ বলে ২৭ রান করে ফেরেন জশ বাটলার। ১৩.১ ওভারে দলীয় ১২৫ রানে ফেরেন সাঞ্জু স্যামসন। ১৭ বলে ১৭ রান করেন রাজস্থান অধিনায়ক। ৪ বল পরেই ফেরেন জয়সওয়াল। ৪৩ বলে ৭৭ রান করে যান ওপেনিংয়ে নেমে।
দিল্লি চতুর্থ উইকেট হারায় ১৪৬ রানে। ১৬.১ ওভারে ফেরেন হেটমায়ার। ১০ বলে ৮ রান করে। পরে চেন্নাই বোলারদের উপর ঝড় তোলেন ধ্রুব জুরেল। ১৫ বলে ৩৪ রান করে ফেরেন। দেবদূত পাদিক্কালের ১৩ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে দুইশ পার করে রাজস্থান।
চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নিয়েছেন তুষার দেশপান্ডে। থিকসানা ও জাদেজা নেন একটি করে উইকেট।
জবাবে নেমে চেন্নাইয়ের শুরুটাও খারাপ হয়নি খুব একটা। প্রথম উইকেট জুটিতে আসে ৪২ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে ফেরেন ডেভন কনওয়ে। ১৬ বলে ৮ রান করে। ৬৯ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের। ঋতুরাজ গায়কোয়াড ফেরেন ২৯ বলে ৪৭ রান করে।
এগারোতম ওভারে ৭৩ রানে আরও দুই উইকেট হারায় চেন্নাই। আজিঙ্কা রাহানে (১৩ বলে ১৫) ও আমবাতি রাইড়ু শিকার হন অশ্বীনের। ১২৪ রান পতন হয় ৫ উইকেটের। ১২ বলে ২৩ রান করা মঈন আলীকে ফেরান জাম্পা। পরে জাদেজাকে সঙ্গী করে চেন্নাইকে ১৭০ রানে পৌঁছে ইনিংসের শেষ বলে আউট হন শিভাম দুবে। ৩৩ বলে ৫২ রান করে। জাদেজা অপরাজিত ছিলেন ১৫ বলে ২৩ রানে।
রাজস্থানের হয়ে তিনটি উইকেট নেন জাম্পা। অশ্বীন নিয়েছেন দুটি, কুলদীপ যাদব নেন একটি উইকেট।







