গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের তদন্ত তৃতীয় দিনের মত চলছে। সকাল ৯টায় সাক্ষ্যগ্রহণ শুরু করে তদন্ত কমিটি।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, রিটার্নিং অফিসার এবং বিজিবি ও র্যাবের ২ জন কমান্ডিং অফিসার, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন প্রার্থীসহ ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে আজ।
এর আগে মঙ্গলবার প্রথম দিন ১১টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ ১শ’ ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করে তদন্ত কমিটি। দ্বিতীয় দিন ৪০ জন প্রিসাইডিং অফিসার, ২৭৮ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ২শ’ জন পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী, সহকারী রিটার্নিং অফিসার, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ওসিসহ ৫২২ জন তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে ইসি’র যুগ্মসচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহেদুন্নবী চৌধুরী তদন্ত কাজ পরিচালনা করছেন। ২২ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ১২ই অক্টোবর এই আসনে উপনির্বাচন কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন সবগুলো কেন্দ্রের ভোট বন্ধ ঘোষণা করে।







