হাদির ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ

একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, চারপাশে সাংবাদিক ও সমর্থকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার শপথ নিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদি শপথ গ্রহণ থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
দেশবাসীর কাছে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর শরীফ ওসমান হাদির বাণী দেয়াল-লিখন এবং গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো পৃথিবীর কাছে তুলে ধরার জন্য আহ্বান জানান তিনি।
এর আগে, সোমবার ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।
তিন দফার বিষয়ে জাবের বলেন, আমাদের কাছে এখনও সুনির্দিষ্ট কোনও বার্তা আসেনি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইবুনালের মাধ্যমে ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা-যারা পেশাদার এবং নির্ভরযোগ্যদের দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেফতার করে বিচারকার্য নিশ্চিত করতে হবে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, তারা ২৫ ডিসেম্বর, অর্থাৎ তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে কোনও কর্মসূচি রাখবে না।
জাবের বলেন, আমরা মনে করছি, তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সঙ্গে তিনিও একাত্মতা পোষণ করবেন।
তিনি বলেন, আগামী ২৫ তারিখের পরে আমরা বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করবো এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে।






