এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স (স্নাতক সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শনের মতো বিষয় বাদ দেওয়ার তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ (৯ জুন) মঙ্গলবার সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইতিহাস বা দর্শন বিভাগ বাতিলের বিষয়ে সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নেই। এধরনের কোনো প্রস্তাবও বর্তমানে বিবেচনায় নেই।
তিনি বলেন, উচ্চশিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করতে বাজারের চাহিদা অনুযায়ী নতুন কিছু বিষয় স্নাতক পর্যায়ের পাঠ্যক্রমে যুক্ত করার বিষয়ে পর্যালোচনা চলছে। তবে এর অর্থ এই নয় যে, প্রচলিত মানবিক বা মৌলিক বিষয়গুলো বাদ দেওয়া হবে। কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়েও কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেলের আওতায় বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বাতিল এবং অন্য বিভাগের সঙ্গে সমন্বয় করা হতে পারে। ওই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।







