অর্থনীতি

মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার: অর্থমন্ত্রী

দেশের মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বর্তমানে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গত মে মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। তা কমে অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি আনতে চায় সরকার।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়ায় সার ও পরিবহন ব্যয় বেড়েছে। এতে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনের কাঁচামালের ওপর শুল্ক-কর কমানো হয়েছে।

স্বল্প আয়ের মানুষের সহায়তায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় ২ কোটি পরিবারকে আনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দেশের ঋণ পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয়ের চাপ থাকলেও সরকার নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করছে। বাংলাদেশ কোনো ঋণ পরিশোধে খেলাপি হয়নি। ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পৃথক ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়:অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মূল্যস্ফীতি স্টেট অব দ্য ইকোনমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…