এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে সহযোগী আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। দেশটির দলে বিভিন্ন দেশের একাধিক খেলোয়াড় রয়েছেন, যার মধ্যে ভারতীয় বংশোদ্ভূত বা ভারতের সাবেক খেলোয়াড়ের সংখ্যা বেশি। গ্রুপপর্বে ভারত নিজেদের তৃতীয় ম্যাচে নামবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এজন্য ম্যাচটিকে মিনি ভারতের সাথে ভারতের খেলা বলছেন সাবেক পেসার লক্ষ্মীপতি বালাজি।
ইউএসএ ও ভারতের খেলা নিয়ে বালাজি বলছেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য এটি অনেক বড় একটি ম্যাচ হতে চলেছে। কারণ, ১৪ লাখ মানুষ খেলাটি দেখবে। মাঠে তারা ওই ব্র্যান্ডটি দেখাতে চায়। তারা তাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবে, এ ম্যাচে ভালো করার চেষ্টা করবে।’
এরপর বালাজি ম্যাচটিকে ‘মিনি ভারতের বিপক্ষে ভারতের খেলা’ উল্লেখ করে বলেন, ‘হ্যাঁ, আমরা অভিবাসী সংক্রান্ত আলোচনা করছি। এটা মিনি ভারতের বিপক্ষে ভারতের খেলা। সুতরাং, ওই ধরনের প্রতিদ্বন্দ্বিতা আশা করতে পারি। আমি যুক্তরাষ্ট্রের কয়েকজন খেলোয়াড়ের সাথে দেখা করেছিলাম, তাদের অনেকেই ভারত থেকে যাওয়া। তারা ভারতীয় তারকা থেকে অনুপ্রেরণা নেয়। কেউ কেউ আবার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছে।’
নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় ম্যাচ শুরু হবে। দুই ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের দুইয়ে আছে যুক্তরাষ্ট্র। দুই জয়ে টেবিলের শীর্ষে ভারত।








