টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের লড়াইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে বৃষ্টি হানা দিয়েছিল। টস গড়াতে দেরি হয়েছে কিছুটা। পরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। টসের ৪০ মিনিট আগে বৃষ্টি নেমে আসে নিউইয়র্কের আকাশজুড়ে। টস হয় সাড়ে আটটায়। রাত ৯টায় গড়াবে মাঠের লড়াই।
এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেননি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। চোট সেরে ওঠায় ভারতের বিপক্ষে ফিরেছেন। বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার আজম খান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে ভারত।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।







