যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই বিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুদেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পেরোতেই আবারও উত্তেজনা ছড়ায় সীমান্তে। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও পাকিস্তান সংঘর্ষের সূত্রপাত করেছে।
এমন পরিস্থিতিতে পাকিস্তানকে নিন্দায় ভাসিয়েছেন ভারতের কয়েকজন ক্রিকেটার। সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কুকুরের লেজ কখনও সোজা হয় না।’ গণমাধ্যমগুলো বিশ্লেষণ করে বলছে, শেবাগ এটি পকিস্তানকে উদ্দেশ্য করেই বলেছেন। যদিও ভারতীয় কিংবদন্তি পোস্টের কোথাও পাকিস্তানকে টানেননি। কিন্তু তিনি গত কয়েকদিনে কয়েকটি পোস্ট লিখেছেন ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে।
এর আগে শেখর ধাওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘নোংরা দেশটা আবার পুরো বিশ্বের সামনে নিজেদের নোংরা আচরণ দেখিয়ে দিলো।’
পাকিস্তানের অবশ্য দাবি, ইসলামাবাদ যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ থাকলেও বরং ভারতই প্রথম গোলাগুলি শুরু করে। পাশাপাশি পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভারতের কিছু ক্রিকেটার এই ইস্যুতে ঘৃণা ছড়াচ্ছেন এবং পাকিস্তানকে অপমান করছেন।
ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার সূচনা ঘটে গত ২২ এপ্রিল, যখন ভারতশাসিত কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জন নিহত হন। নয়াদিল্লি এটির জন্য পাকিস্তানকে দায়ি করলেও ইসলামাবাদ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।
পরে ৭মে মধ্যরাতে পাকিস্তানে সামরিক হামলা চালায় ভারত, যার জবাবে দ্রুত সামরিক প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ। এই অবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়।








