বিশ্বকাপে ভারতের ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। দুটি সেমি ও একটি শিরোপা নির্ধারণী মহারণ। এপর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। মোট ২০ ম্যাচ হয়ে গেছে। এরমধ্যেই পিচ নিয়ে রেটিংও দিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির দেয়া রেটিংয়ের সঙ্গে আবার একমত নন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
ভারত চার ম্যাচ খেলে ফেলেছে ভিন্ন চারটি ভেন্যুতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাই, আফগানিস্তানের বিপক্ষে দিল্লি, পাকিস্তানের বিপক্ষে আহমেদাবাদ আর বাংলাদেশের বিপক্ষে খেলেছে পুনেতে। ভারতের খেলা এই চার ভেন্যুর মধ্যে দুটির পিচকে গড়পড়তা রেটিং দিয়েছে আইসিসি।
অন্য ভেন্যুগুলোকে ভালো অথবা খুব ভালো রেটিং দিলেও আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ও চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পিচকে গড়পড়তা রেটিং দিয়েছে সংস্থাটি।
এ প্রসঙ্গে ভারতের কোচ দ্রাবিড় বলছেন, ‘অবশ্যই সম্মান নিয়ে বলছি, এই দুটি উইকেটকে দেয়া গড়পড়তা রেটিং নিয়ে একমত নই। উল্টো আমার মনে হয় ওই দুটি উইকেট খুব ভালো ছিল। যদি শুধু ৩৫০ রানের ম্যাচই দেখতেন এবং সেই হিসেবেই যদি রেটিং হয়, তবে সেটির সঙ্গে আমি কোনভাবেই একমত নই।’








