আট দলের অংশগ্রহণে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। গ্রুপপর্বের লড়াই শেষে বিদায় নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড ও আফগানিস্তান। সেমিফাইনালের প্রথম ম্যাচে বিকেলে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া এবং পরেরদিন দ্বিতীয়টিতে সাউথ আফ্রিকা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় লড়বে ভারত-অস্ট্রেলিয়া। বুধবার লাহোরে হবে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। যদি ভারত হারে, অস্ট্রেলিয়া চলে আসবে পাকিস্তানে। ৯ তারিখের ফাইনাল হবে লাহোরে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান পর্বে দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। তাই শেষ চারের লড়াইয়ের জন্য আগে থেকেই রাখা হয়েছে রিজার্ভ ডে। ৪ মার্চ নির্ধারিত দিনে প্রথম সেমিফাইনাল মাঠে না গড়ালে পরেরদিন রিজার্ভ ডেতে খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনালের রিজার্ভ দিন ৬ মার্চ, বৃহস্পতিবার। ফাইনাল ম্যাচ ৯ মার্চ। রিজার্ভ ডে ১০ মার্চ।
শুধু রিজার্ভ ডে’ই নয়, পুরো ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টাই করছে আইসিসি। প্রত্যেক ম্যাচের মূল দিন এবং রিজার্ভ দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দ থাকছে। আইসিসি জানিয়েছে, সেমিফাইনাল-ফাইনালের ফল নির্ধারণে ওভার বাড়ানো হয়েছে। ফলের জন্য নকআউট ম্যাচের ক্ষেত্রে প্রতিটি দলের অন্তত ২৫ ওভার খেলা বাধ্যতামূলক, যা গ্রুপ পর্বে কমপক্ষে ২০ ওভারের বেশি হলেই হতো।
নির্ধারিত দিনে ম্যাচ শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এজন্য প্রয়োজনে ওভার কমিয়ে সর্বনিম্ন প্রয়োজনীয় সংখ্যায় আনা হতে পারে। যদি নির্ধারিত দিনে খেলা শুরু হয়, কিন্তু পরবর্তীতে রিজার্ভ দিনের প্রয়োজন হয়, তাহলে খেলা একই জায়গা থেকেই শুরু হবে যেখানে থেমেছিল, নতুন করে ম্যাচ শুরু হবে না।
যদি বৃষ্টির কারণে কোনো সেমিফাইনালে রিজার্ভেও ফলাফল নির্ধারণ করা না যায়, তাহলে গ্রুপপর্বে শীর্ষে থাকা দল পাবে ফাইনালের টিকিট। এক্ষেত্রে ফাইনালের মঞ্চে উঠবে ভারত ও সাউথ আফ্রিকা। যা গ্রুপ রানার্সআপ হওয়া দলের জন্য প্রযোজ্য নয়। আর ফাইনাল ম্যাচের মূল দিন ও রিজার্ভ ডেতেও খেলা না হলে, ট্রফি ভাগাভাগি করে দেয়া হবে। তথা, দেখা মিলবে যৌথ চ্যাম্পিয়নের।









