ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে শনিবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় কোচ হাভিয়ের ক্যাবরেরা প্রথমদিনে ২৮ জনকে নিয়ে অনুশীলনে নেমেছিলেন। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ১৮ মার্চ ঢাকায় ও ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ১০ মার্চ সৌদিতে দলের অনুশীলনে যোগ দেবেন। তারা দলে যোগ দিলে দল উজ্জীবিত হবে, বলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া।
অনুশীলনের ফাঁকে জামাল বলেছেন, ‘আমি মনে করি, এই দলে হামজা সেরা প্লেয়ার এবং সম্ভবত এই সাউথ এশিয়াতেও সেরা খেলোয়াড়। হামজা এলে সেটা সম্ভবত টিমের জন্য সেরা বুস্টআপ হবে। ৭-৮ দিনের মতো পাবে সে দলের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য। তার সাথেও যোগাযোগ হয়েছে। আমার বিশ্বাস সে আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’
ফাহামিদুলকে নিয়ে জামাল বলেছেন, ‘আমি তাকে চিনি না। তাকে কোচ পছন্দ করেছেন। আমার ধারণা সে ভালো খেলোয়াড়। সারা পৃথিবীতে অনেক বাংলাদেশি ফুটবলার আছে। তারা সবাই জাতীয় দলের হয়ে খেলতে চায়। আমাকে দিয়ে শুরু। এটা ইতিবাচক দিক। আমি চাই আরও আসুক। ফ্রান্স টিম সব বিদেশি নিয়েই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে।’
২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে কলকাতার সল্টলেকে আগে গোল করে শেষপর্যন্ত ড্র করেছিল বাংলাদেশ। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী অধিনায়ক, ‘ভালো ফল আশা করি। ভারতের খেলোয়াড়দের সঙ্গে আমাদের তুলনা করলে মনে করি বিশাল কোনো পার্থক্য নেই। অবশ্যই ৩ পয়েন্ট নিতে চাই।’







