বাংলাদেশ রেনাল এসোসিয়েশন’র বার্ষিক সম্মেলন উদ্বোধন

বাংলাদেশ রেনাল এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ রেনাল এসোসিয়েশন এর উদ্যোগে কক্সবাজারে শুরু হয়েছে ১৭তম বার্ষিক সায়েন্টিফিক কনফারেন্স এবং সাউথ এশিয়া বোর্ড মিটিং। কনফারেন্স উপলক্ষ্যে গতকাল ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কক্সবাজারের ‘সী পার্ল বীচ রিসোর্টে’র সাফিনা হলে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
শনিবার ৯ সেপ্টেম্বর সম্মেলনের দ্বিতীয় দিনে শুরু হয়েছে কিডনি রোগের জটিলতা, ঝুঁকি, প্রতিকার, চিকিৎসা এবং ভবিষ্যত করণীয় নিয়ে বিষয়ভিত্তিক বৈজ্ঞানিক অধিবেশনসমূহ। এই বৈজ্ঞানিক সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ সার্কভুক্ত দেশ সমূহের স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা যোগ দিয়েছেন।
এ ছাড়া চার শতাধিক বাংলাদেশি কিডনি রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এই সম্মেলনটি ইন্টারন্যাশনাল সোসাইটি কর্তৃক স্বীকৃত বলে জানিয়েছে বাংলাদেশ রেনাল এসোসিয়েশন।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মো. শরফুদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রিউলজির সভাপতি অধ্যাপক ডাক্তার নারায়ণ প্রসাদ এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রিউলজির সহ-সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রেনাল এসোসিয়েশন-এর মহাসচিব এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিস এন্ড ইউরোলজি-এর ডাইরেক্টর প্রফেসর ডাক্তার মোহাম্মদ বাবরুল আলম।
সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রেনাল এসোসিয়েশন-এর সভাপতি প্রফেসর ডাক্তার মো. নিজাম উদ্দিন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ রেনাল এসোসিয়েশন-এর সহ-সভাপতি প্রফেসর ডাক্তার কাজী শাহনুর আলম।



