টানা তীব্র তাপপ্রবাহের কবলে খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা। গত দুদিন টানা দেশের সর্বোচ্চ তাপমাত্রা চলছে এ অঞ্চলে। মঙ্গলবার খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা এই তিন জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
আজ বুধবার (২৩ এপ্রিল)ও তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলছে, সহসা বৃষ্টি না হলে তাপমাত্রা আরও বাড়তে পারে। সব মিলিয়ে হাঁসফাঁস মানবজীবন। প্রভাব পড়েছে গবাদি পশুসহ প্রাণিকূলে। বাদ যাচ্ছে না ফসলের ক্ষেত।
তীব্র তাপপ্রবাহের কারণে যশোরের বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া ও গরমজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সব ওয়ার্ডে নির্দিষ্ট আসন সংখ্যার রোগীর চেয়ে প্রায় তিনগুন রোগী ভর্তি রয়েছে। এসব রোগীদের অধকাংশই হসাপাতেলর ফ্লোর ও গেটের সামনে স্থান মিলেছে। গরমে অবর্ণীয় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের।
তাপপ্রবাহ দীর্ঘায়িত হওয়ায় ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, যাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক।
যশোর আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে ঠান্ডা-জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে শিশু ও বয়স্করা।







